আইসিসির সমর্থন পেতে নতুন উদ্যোগ বিসিবির

 


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট

 বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টা সময় দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সেই

 সময়সীমা পেরিয়ে গেলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। লিটন দাস ও সোহানদের

 নেতৃত্বাধীন বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বলেই চূড়ান্ত সিদ্ধান্ত বহাল রয়েছে। এই

 পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না রেখে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে নতুন পদক্ষেপ

 নিয়েছে বিসিবি।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভা শেষে যুব ও

 ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানান, বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তনের

 কোনো সুযোগ নেই। অর্থাৎ আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানালেও ভারতে টি-টোয়েন্টি

 বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার অবস্থানে বাংলাদেশ অটল রয়েছে। এ অবস্থান পুনর্ব্যক্ত করে

 বিসিবি গতকাল নতুন করে আইসিসি বরাবর একটি ই-মেইল পাঠিয়েছে।


ই-মেইলে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন

 কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। আইসিসির কোনো সিদ্ধান্ত বা বিষয় নিয়ে

 বিতর্ক সৃষ্টি হলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি তা নিষ্পত্তি করে থাকে। বিসিবির আশা,

 তাদের অনুরোধের পর আইসিসি বিষয়টি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে পরশুর

 ঘোষণার পর এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে আর কোনো মন্তব্য করেনি। এদিকে পুরো বিষয়টি

 নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুরু থেকেই নীরব রয়েছে।


ফলে আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি

 শুরু হতে যাওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

 টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের দুটি শহর—কলকাতা ও

 মুম্বাইয়ে।

মন্তব্য করুন

Next Post Previous Post